বিষয়ঃ একজন বইপোকার স্বীকারোক্তি লেখকঃ আসিফ মাহমুদ জীবন ছোটবেলাতে খুব ভোরে গানের শব্দে আমার ঘুম ভাঙত। নানা কোথা থেকে যেন একখানা রেডিও কিনে এনেছিলেন। প্রতিদিন সকালে বেতারের সাবিনা ইয়াসমিন, রুনা লাইলা, অরুণ চ্যাটার্জি, সুবীর নন্দীর গানে মনপ্রাণ ভরে থাকত। এক একজনের গলা আমার কাছে অতিপরিচিত’র মতো লাগতো। গানের তখন কিই বা বুঝি, দু আঙুলের আঙ্গুলের বাচ্চা আমি তখন! কিন্তু গানের সুরগুলোর অদৃশ্য এক সুতো ছিলো, সে সুতোয় শিশুবয়সেই আমি আটকা পড়েছিলাম। রেডিওখানা টিউন করে বাজিয়ে মামা রোয়াকে বসে শেভ করতেন আর গুনগুণ করে গান গাইতেন। আমি মাঝে মাঝে চিরুনিটাকে ক্ষুর কল্পনা করে মামার পাশে বসে আমার কচি মুখের কল্পিত দাড়ির বংশ নির্বংশ করতাম। গ্রাম ছেড়ে যবে কংক্রিটের শহর আমার নতুন আবাস হলো,এক অদৃশ্য সুর আমার বুকে খুব বেজেছিলো। শিশু আমি সে সুরের নাম দিতে পারিনি, বেদনার সুরের নাম দিতে নেই, বেদনার সুরের রঙ যে নীল হয়! কিন্তু কথায় যে আছে, ‘ মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়’। শুধু বদলায় না, ক্ষণে ক্ষণে বদলায়, কারণে অকারণে বদলায়। আমিও বদলে গেলাম, খুব দ্রুতই বদলে গেলাম। আমার ব...