গল্পঃ ডার্ক ম্যাজিকঃ দ্যা রিটার্ন অফ দ্যা প্রিস্ট লেখকঃ আসিফ মাহমুদ জীবন শেষ পর্ব গলির শেষ প্রান্তে নারীমূর্তিটা দাঁড়িয়ে আছে, একবারে স্থির হয়ে। বিপরীত দিক থেকে ল্যাম্পপোস্টের মৃদু আলো আসায় ছায়ামূর্তির চেহারা দেখা যাচ্ছে না। মোতালেব কিছুক্ষণের জন্য চোখ সরু করে দাঁড়িয়ে রইল, মাতাল হলেও এটুকু সে বুঝতে পারছে যে মাঝরাতে এ রাস্তায় কোন নারী দাঁড়িয়ে থাকা স্বাভাবিক ঘটনা নয়। শেষ পর্যন্ত কৌতূহল ধরে রাখতে না পেরে সামনে এগিয়ে গেলো মোতালেব। ঘটনাগুলো দ্রুত চোখের সামনে দ্রুত ঘটে গেলো। নারীমূর্তি ছুটে এসে মোতালেবকে এক ধাক্কায় ছিটকে ফেলল, ধাক্কার তোপ সামলে ওঠার আগেই নারীমূর্তি মোতালেবের বুকের উপর চেপে বসল। মৃত্যুর আগে মোতালেব শুধু দেখতে পেরেছিল অনিন্দ্যসুন্দর একখানা মুখ, যাতে ভর করেছে বন্য হিংস্রতা। গলির মধ্যে প্রবাহিত বাতাস মোতালেবের বুকের বাম পাশের ফুটো দিয়ে ঢুকে অদ্ভুত শব্দ করছিল, সে শব্দ অনেকে শুনতে পারলেও শব্দের উৎস সম্পর্কে কারো কোন ধারণা ছিল না। মফিজুল করিম টেলিভিশনের সামনে বসে আছেন, নিশ্চল হয়ে। বুড়ো বয়সে তার একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে এই টেলিভিশনের সামনে বসে থাকা, দ্রুত সময় কেটে...